প্রচ্ছদ জাতীয় এনসিপির দুই নেতাকে শোকজ, জবাব দিতে হবে সারজিস আলমের কাছে

এনসিপির দুই নেতাকে শোকজ, জবাব দিতে হবে সারজিস আলমের কাছে

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

নোটিশে বলা হয়েছে, দলের দুই নেতা খন্দকার তারিকুল ইসলাম দিপু ও দেয়ান মাহবুব আল হাসান সোহাগের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। লিখিত জবাব দিতে হবে কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বরাবর।

শোকজপ্রাপ্ত খন্দকার তারিকুল ইসলাম দিপু এনসিপির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে দেয়ান মাহবুব আল হাসান সোহাগ দলটির যুগ্ম আহ্বায়ক পদে আছেন।

দলীয় বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উল্লেখ করা হলেও শোকজের সুনির্দিষ্ট কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে জানা গেছে।

এদিকে শোকজপ্রাপ্ত নেতা দেয়ান মাহবুব আল হাসান সোহাগ দাবি করেছেন, তাকে কী কারণে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে, তা তিনি এখনো জানেন না। তার ধারণা, নওগাঁ জেলা পর্যায়ের এক কেন্দ্রীয় নেতার ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতে এবং ওই নেতার পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেয়ার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেয়া হতে পারে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতেও গণভোট প্রচারণায় ওই নেতার পছন্দ অনুযায়ী কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছিল, যার কারণে নওগাঁয় প্রচারণা কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

দেয়ান মাহবুব আল হাসান সোহাগ দাবি করেন, তিনি ও তার সহকর্মীরা এনসিপির নওগাঁ জেলা কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যোগ্যদের অবমূল্যায়ন এবং অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে আনার বিরোধিতা করায় তারা ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। তবে তিনি কোনো কেন্দ্রীয় নেতার নাম প্রকাশ করেননি।