
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি এবং দুই বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, সোমবার দুপুরে ডিনস কমপ্লেক্সের সামনে ইইই বিভাগের কিছু শিক্ষার্থী আড্ডা দিচ্ছিলেন। পাশেই অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। এ সময় প্রক্টরিয়াল টিমের হস্তক্ষেপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা তৈরি হয়।
পরবর্তীতে এক শিক্ষার্থীকে ছবি তোলা ও প্রক্টরকে তথ্য দেওয়ার অভিযোগ এবং আরেক শিক্ষার্থীর ভিডিও ধারণ সংক্রান্ত পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এর জের ধরে মঙ্গলবার দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মীমাংসার চেষ্টা করা হয়। আলোচনার এক পর্যায়ে বিষয়টি আপাতত সমাধান হলেও পরে পরিবহন মার্কেটে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে, যা ঘিরে আবারও দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়। একপর্যায়ে সিনিয়র শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিম উপস্থিত হলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের এক শিক্ষার্থী দাবি করেন, ইইই বিভাগের কিছু শিক্ষার্থী অশালীন মন্তব্য ও আচরণ করেছেন, যা পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
অন্যদিকে ইইই বিভাগের শিক্ষার্থীরা দাবি করেন, তাদের ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ধারণ করে প্রক্টরকে জানানো হয়েছে, যা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনার পরপরই প্রক্টরিয়াল টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
তিনি জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুই বিভাগের সভাপতিদের বিষয়টি নিয়ে দ্রুত বসে সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে।













































