প্রচ্ছদ জাতীয় সম্পর্কের জটিলতায় নতুন মোড়, স্বামী বদলের দাবি নিয়ে আদালতে দুই বোন

সম্পর্কের জটিলতায় নতুন মোড়, স্বামী বদলের দাবি নিয়ে আদালতে দুই বোন

মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক নজিরবিহীন পারিবারিক মামলা ঘিরে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। দুই সহোদর বোন একে অপরের স্বামীকে জীবনসঙ্গী হিসেবে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন। এই অস্বাভাবিক ঘটনায় খোদ আদালত চত্বরে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটির সূত্রপাত হয়েছিল দতিয়া জেলার এক ব্যক্তির দায়ের করা হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। ওই ব্যক্তির অভিযোগ ছিল, তার ভায়রাভাই (বোনের স্বামী) তার স্ত্রী ও কন্যাকে অপহরণ করে নিয়ে গেছেন। এই অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে নির্দেশ দেয় অপহৃতা নারীসহ অভিযুক্ত ব্যক্তিকে হাজির করার জন্য।

তবে আদালতে উপস্থিত হয়ে সংশ্লিষ্টরা যে বয়ান দেন, তাতে পুরো বিষয়টি ভিন্ন দিকে মোড় নেয়। ‘অপহৃতা’ নারী বিচারকের সামনে স্পষ্ট জানান যে, তাকে কেউ অপহরণ করেনি। বরং তিনি স্বেচ্ছায় নিজের বোনের স্বামীর কাছে চলে গেছেন এবং তার সঙ্গেই বাকি জীবন কাটাতে চান।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান স্বামীর সঙ্গে তার বনিবনা নেই এবং তিনি ইতিপূর্বেই বিবাহবিচ্ছেদের মামলা করেছেন।

সবচেয়ে অবাক করা বিষয় ঘটে যখন অপর বোনও আদালতে দাঁড়িয়ে একই ইচ্ছা প্রকাশ করেন। তিনিও জানান যে, নিজের স্বামীর বদলে বোনের স্বামীর সঙ্গেই থাকতে তিনি বেশি ইচ্ছুক। দুই বোনই আদালতের কাছে আবেদন জানান যেন আইনত তাদের স্বামী পরিবর্তনের বিষয়টি অনুমোদন করা হয়।

মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত লক্ষ্য করে যে, ঘটনার সাথে জড়িত সকল পক্ষই সাবালক এবং এটি কোনো ফৌজদারি অপহরণের মামলা নয়। বিচারপতি মন্তব্য করেন, এটি একটি জটিল পারিবারিক বিরোধ। যেহেতু সবাই প্রাপ্তবয়স্ক, তাই তারা চাইলে নিজেদের মধ্যে আলোচনা করে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন।

এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয়। আইন ও সামাজিক রীতির বাইরে এমন অদ্ভুত আবদার বর্তমানে স্থানীয় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।