
লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) বিকেলে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ‘৭১ নম্বর কমিউটার’ ট্রেনটি হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে এই বিপত্তি ঘটে। তবে তাৎক্ষণিক সতর্কতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ এর ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে রেললাইনের পাশে থাকা একটি মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের চিৎকার ও সতর্কতা সংকেত শুনে ট্রেনের চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ইঞ্জিনে আগুন দেখে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত বগি থেকে নিচে নেমে আসেন।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান জানান, ট্রেনের ইঞ্জিনের অয়েল চেম্বারে আগুনের সূত্রপাত হয়েছিল। চাকার ঘর্ষণে সৃষ্ট অতিরিক্ত তাপ থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণে ট্রেনটি কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স এবং সাময়িক যান্ত্রিক ত্রুটি মেরামতের পর সেটি পুনরায় বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন ট্রেনের যাত্রী ও স্থানীয়রা।












































