প্রচ্ছদ আন্তর্জাতিক সবধরনের ভারতীয় ভিসা চালু কবে থেকে, জানা গেল

সবধরনের ভারতীয় ভিসা চালু কবে থেকে, জানা গেল

সাম্প্রতিক মাসগুলোর টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার পথে বড় অগ্রগতি দেখা যাচ্ছে। দুই দেশই ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান সম্পূর্ণভাবে পুনরায় শুরু করেছে। অন্যদিকে, ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশি নাগরিকদের জন্য পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর পরিকল্পনা করছে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফরে ভিসা স্বাভাবিকীকরণ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা কেন্দ্র—নয়াদিল্লিস্থ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার অফিস—পুরোদমে কার্যকর রয়েছে।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বর মাসে সাময়িকভাবে কিছু কেন্দ্রের কার্যক্রম স্থগিত হলেও ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়।

ভারতের সরকারি সূত্র জানায়, নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা ব্যাপকভাবে সীমিত করা হলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। চিকিৎসা ও পারিবারিক জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম ডিসেম্বর ২০২৫-এর আগের সক্ষমতার মাত্র ১৫-২০ শতাংশ পর্যায়ে রয়েছে। তবে নতুন ভারতীয় হাইকমিশনার দায়িত্ব নেওয়ার পর পূর্ণমাত্রায় সেবা চালুর সম্ভাবনা রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারিতে কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর গত দুই মাসে ১৩ হাজারের বেশি ভারতীয় নাগরিককে ভিসা দিয়েছে বাংলাদেশ। এসব ভিসার মধ্যে রয়েছে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক সফর।

বাংলাদেশ ভারতের অন্যতম বড় পর্যটক উৎস দেশ। ২০২৩ সালে প্রায় ২১ লাখ বাংলাদেশি ভারত সফর করলেও ২০২৫ সালে রাজনৈতিক অস্থিরতা ও ভিসা সীমাবদ্ধতার কারণে সেই সংখ্যা নেমে আসে মাত্র ৪ লাখ ৭০ হাজারে।

খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।