
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক ঐক্য, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার, বিচার এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বৈঠকে দলটি জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারকে অন্যতম প্রধান এজেন্ডা করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং শেখ হাসিনাসহ জুলাই গণ-অভ্যুত্থান ও অন্যান্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে দলটি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। প্রায় ৪০ মিনিট পর বেলা ২টার দিকে বৈঠক শেষ হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠক শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির নেতারা সচিবালয়ে পৌঁছান। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপুও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল বর্তমান সরকারের প্রধান জনাব তারেক রহমানের সাথে বৈঠকে আমরা বসেছিলাম সেখানে বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সমসাময়িক রাজনীতি সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে।’
নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় পড়েছেন। এ পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা এবং সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তারা।
তিনি জানান, প্রধানমন্ত্রীও নিজের উদ্বেগের কথা তুলে ধরেছেন। ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে জাতীয় সংসদেও প্রধানমন্ত্রী একই আহ্বান জানিয়েছিলেন।
তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করে দলটি।
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের প্রশ্নে যেকোনো ঐক্য গড়ে তুলতে হলে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে। জাতীয় ঐক্যের আলোচনায় সংস্কারকে অন্যতম এজেন্ডা করার প্রস্তাব দিয়েছেন তারা। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি সংস্কারপ্রক্রিয়া এবং গণভোটের রায় বাস্তবায়নের পথে বাধা তৈরি করছে বলে তারা মনে করেন। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
নাহিদ ইসলামের ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের লড়াই ছিল গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে থাকা শক্তির মধ্যে। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার জরুরি। তা না হলে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করা কঠিন হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ এবং স্বাধীন বিচারব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে। জাতীয় ঐক্যের অন্যতম এজেন্ডা হিসেবে এসব সংস্কারকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তারা।
বিচারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জেলা পর্যায়ে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত, অভিযোগপত্র দাখিল এবং সামগ্রিক আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। যাতে জুলাই গণ-অভ্যুত্থানের ভুক্তভোগীরা ন্যায়বিচার পান, সে বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে বলেছেন তারা।
বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তির আলোচনায় ভারতের কাছে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও কঠোরভাবে তুলে ধরতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কোনো ধরনের আপস না করার আহ্বান জানিয়েছেন তারা।
এ ছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকরের জন্য যথাযথ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন এনসিপির নেতারা। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তারা।
নাহিদ ইসলাম বলেন, ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং একটি স্বৈরাচারী ও গণহত্যাকারী দলকে বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ড চালানোর জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। তার মতে, বিষয়টি এখন শুধু আওয়ামী লীগ, বিএনপি বা এনসিপির মধ্যকার রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ভূরাজনৈতিক সংকটে রূপ নিয়েছে।
তিনি অভিযোগ করেন, ভারত আওয়ামী লীগ ও দেশীয় বিভিন্ন শক্তিকে ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বৈঠকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছেন তারা।
এ সময় সীমান্তের কাছাকাছি বাংলাদেশবিরোধী সমাবেশ এবং সেখানে আওয়ামী লীগের পলাতক নেতাদের অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় আসে। নাহিদ ইসলামের অভিযোগ, ভারতের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক শক্তি বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে শক্ত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
তিনি বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার ও দরগার অনুসারী, সুফি, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন সামাজিক শক্তির সঙ্গে সরকারকে আলোচনা করতে হবে। এসব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপপ্রচারের জবাব দিতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, ভারতেও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে মুসলমান এবং দলিত সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও তাদের সম্পত্তি দখলের ঘটনাগুলোও সামনে আনা উচিত বলে মনে করেন তিনি।
জাতীয় ঐক্যের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ঐক্যের উদ্যোগ শুধু বিএনপি বা ১১-দলীয় জোটের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জুলাই গণ-অভ্যুত্থান এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক ও সামাজিক শক্তি অংশ নিয়েছিল, তাদের সবাইকে নিয়ে ঐক্যের ভিত্তি তৈরি করতে হবে। এ জন্য একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রণয়নের প্রস্তাব দিয়েছেন তারা।
তিনি বলেন, ঐক্যের উদ্যোগ শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগের কার্যক্রম এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দীর্ঘমেয়াদে মোকাবিলা করতে হবে। এ জন্য একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন জরুরি। আগে বাংলাদেশে দলীয় পররাষ্ট্রনীতি দেখা গেছে। আওয়ামী লীগ সরকারের নিজস্ব পররাষ্ট্রনীতি ছিল, বিএনপিরও নিজস্ব পররাষ্ট্রনীতি ছিল। এখন আধিপত্যবাদের প্রশ্নে একটি যৌথ জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে। এর ভিত্তিতে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সামনে এখন গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার লড়াই রয়েছে। এনসিপি এই লড়াইয়ে থাকবে। তাদের মতে, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লড়াই নয়; বরং দেশের জনগণের ঐক্য প্রয়োজন। সরকারে থাকা দল হিসেবে বিএনপির দায়িত্বও বেশি বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী এনসিপির প্রস্তাবগুলো বিবেচনা করার কথা জানিয়েছেন বলেও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী আলোচনা অব্যাহত রাখতে চান এবং ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন।
বৈঠকে এনসিপি কোনো শর্ত দিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বিষয়টি শর্তের নয়; বরং জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য একটি ভিত্তি তৈরির। ভিন্নমতের রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয়ে একমত হতে পারে, তা নির্ধারণ করা প্রয়োজন। সংস্কারকে জাতীয় ঐক্যের অন্যতম এজেন্ডা করার ওপরও জোর দেন তিনি।
বৈঠক নিয়ে এনসিপি সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শুধু আলোচনা হলেই হবে না, সরকার কী পদক্ষেপ নেয়, সেটিও দেখতে হবে। বৈঠকের পর সরকার যদি কার্যকর উদ্যোগ নেয় এবং জনগণ ও বিরোধী দলগুলোর আস্থা অর্জনের চেষ্টা করে, তাহলে বৈঠককে সফল বলা যাবে। তারা শুধু আলোচনার জন্য আলোচনা চান না; আলোচনার পাশাপাশি কার্যকর পদক্ষেপ দেখতে চান।
তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতা দেশে ফিরলে তার সঙ্গে আরও আলোচনা হতে পারে। তবে এনসিপি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকবে না। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে দলটি নিজেদের অবস্থান থেকে লড়াই চালিয়ে যাবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকেই এনসিপির জন্ম, তাই সরকার বা অন্য কোনো রাজনৈতিক দল পাশে না থাকলেও তারা এই লড়াই অব্যাহত রাখবে।
সংবিধান সংস্কার কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী আলোচনা করবেন বলে জানিয়েছেন।
তিনি জানান, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা আরও চলবে। তবে ঐক্যের ভিত্তি হতে হবে গণতন্ত্র, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা।








































