প্রচ্ছদ জাতীয় সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সদরঘাট থানার ওসি একরাম উল্লাহকে ফেসবুকে হুমকি দিয়েছেন পলাতক কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনি।

ওসির উদ্দেশে তিনি লিখেছেন- ওসি একরাম সময় কিন্ত সন্নিকটে! সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন তিনি।

ফেসবুক পোস্টে ছাত্রলীগের এ নেতা লেখেন, ওসি একরাম, তার বাড়ি চকরিয়া, বর্তমানে চট্টগ্রাম মেট্টোপলিটনের সদরঘাট থানার ওসি। নিজেকে একজন পুলিশের থেকেও সালাহউদ্দিনের কাছের মানুষ এবং ছাত্রদলের সাবেক নেতা পরিচয় দিতে বেশি পছন্দ করেন।

তিনি লেখেন, গত ২০ নভেম্বর শুক্রবার বিকাল বেলা সদরঘাট থানার মালুম মসজিদ এলাকায় সে বলে, এই এলাকায় আওয়ামী লীগের একটা মিছিল হলে ১০ জন আওয়ামী লীগের ঘর পোড়ানো হবে। তখন কিন্তু এর দায় আমি নেব না।

‘একজন ওসি কি এই কথা বলতে পারে? বিভিন্ন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে সদরঘাট এলাকায় আওয়ামীপন্থি লোকজন থেকে রীতিমতো চাঁদাবাজি করে যাচ্ছে এই ওসি একরাম।’

রনি লেখেন, ওসি একরাম সময় কিন্ত সন্নিকটে! সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

জানা গেছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দুবাই পালিয়ে গেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিভিন্ন সময়ে সমালোচিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এ সাধারণ সম্পাদক। সে সময় অস্ত্র মামলায় জেলও কেটেছেন তিনি। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাটহাজারীতে ভোট কেন্দ্রের বাইরে অস্ত্রসহ গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত রনিকে দুবছরের সাজা দেন। পরে জামিনে মুক্তি পান তিনি।

সেসময় চাঁদার দাবিতে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ অধ্যক্ষ জাহেদ খানকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনার ঝড় উঠে। এরপর ২০ লাখ টাকা চাঁদা দাবিতে এক কোচিং সেন্টারের মালিককে মারধর করেন তিনি। এ ঘটনার পর তাকে চট্টগ্রাম নগর ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

নুরুল আজিম রনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।