
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, একজন সংসদ সদস্য তাকে চিঠি পাঠিয়েছেন। পরে ওই চিঠি তিনি সংসদে পড়ে শোনান।
আজ বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে ঢাকা-১২ আসনে জামায়াতে ইসলামীর এমপি সাইফুল আলমের ওই চিঠি পড়ে শোনান স্পিকার।
চিঠিতে লেখা ছিল, প্রতিদিনই এলাকার সমস্যা নিয়ে ৭১ বিধিতে প্রশ্ন করছি, কিন্তু বলার সুযোগ পাচ্ছি না। এলাকায় আমার খুবই বদনাম হচ্ছে। আজও আমার নাম আছে।
পরে স্পিকার সিরিয়াল ভঙ্গ করেই তাকে বলার সুযোগ করে দেন।
ফ্লোর পেয়ে স্পিকারকে ধন্যবাদ জানিয়ে সাইফুল আলম বলেন, মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সংসদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তারাও খুশি হয়েছে।












































