
কুমিল্লায় স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগে প্রথম স্ত্রীর কবরে গিয়ে এক যুবক অঝোরে কান্নায় ভেঙে পড়েন। এমন হৃদয়বিদারক দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়। বিষয়টি হৃদয় ছুঁয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, এক যুবক বিয়ের বর সেজে ছোট একটি মেয়ে শিশুকে নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছেন। পরে কবরের পাশে গিয়ে দোয়া পড়ে মোনাজাত করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কবরস্থান থেকে এসে বরের গাড়িতে বসেও অঝোরে কাঁদছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, স্ত্রীর কবরের পাশে কান্না করা ওই যুবকের নাম রিয়াদ। তিনি কুমিল্লা নগরীর বালুতুপা এলাকার বাসিন্দা। ২০১৭ সালে বিয়ে করেছিলেন রিয়াদ। তাদের সংসার জীবনে এক কন্যা শিশুর জন্ম হয়। পরবর্তীতে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হন। ২০২৩ সালে মৃত্যুর কাছে হার মেনে পৃথিবী ত্যাগ করেন স্ত্রী। দীর্ঘ তিন বছর বিয়ে এবং স্ত্রী ছাড়াই বাস করছিলেন। কিন্তু পরিবারের প্রতিনিয়ত চাপে নতুন করে বিয়ের সিদ্ধান্ত নিতে হয় রিয়াদকে। গত শনিবার (১৮ এপ্রিল) দ্বিতীয় বিয়ে করেন তিনি। বিয়ে করতে যাওয়ার আগে প্রথম স্ত্রীর কবরের পাশে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি রিয়াদ।
এদিকে স্ত্রীর কবরের পাশে কান্না করার ভিডিও এবং ছবি ভাইরাল হওয়ার পর সে দৃশ্য নাড়িয়ে দিয়েছে সবার হৃদয়। ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত প্রেমের উদাহরণ হিসেবে কনটেন্ট তৈরিসহ বিভিন্ন রকমের ক্যাপশন লিখে পোস্ট করতে দেখা গেছে অগণিত মানুষকে।
এ বিষয়ে রিয়াদ সাংবাদিকদের বলেন, প্রথম স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতাম। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় সে। তার প্রতিটি স্মৃতি আমাকে প্রতিমুহূর্তে ভাবায়। ইচ্ছে ছিল আর বিয়ে না করার। কিন্তু বাচ্চা মেয়েটার জন্য পরিবার এবং সমাজের চাপে নতুন করে বিয়ে করার সিদ্ধান্ত নিতে হয়েছে। স্রষ্টা যেন আমার স্ত্রীকে জান্নাতবাসী করেন, সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি।













































