প্রচ্ছদ হেড লাইন ছাত্রদলের সেই হাত ভাঙা নেত্রীকে মূল্যায়ন করল বিএনপি

ছাত্রদলের সেই হাত ভাঙা নেত্রীকে মূল্যায়ন করল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়ে আলোচনায় এসেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানছুরা আলম। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩৬ জন মনোনীত প্রার্থীর তালিকায় তার নাম ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী এই শিক্ষার্থীকে মনোনয়ন দিয়ে বিএনপি রাজপথের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মূল্যায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মানছুরা আলমের রাজনৈতিক জীবন ছিল লড়াই আর সংগ্রামের। আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্যবার হামলা ও মামলার শিকার হয়েছেন তিনি। বিশেষ করে ২০২২ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের বর্বরোচিত হামলায় তার হাত ভেঙে যায়, যা সে সময় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেই ঘটনার পর তিনি দমে না গিয়ে উল্টো ৩৩ জন হামলাকারীর বিরুদ্ধে আদালতের আশ্রয় নিয়েছিলেন। এছাড়া ২০২৩ সালেও তিনি একাধিকবার শারীরিক হামলার শিকার হন এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুৎসা রটানো হয়।

রাজপথের সেই সাহসী লড়াকু ছাত্রনেত্রী এখন আইনপ্রণেতা হিসেবে সংসদে যাচ্ছেন—এই খবরে ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দলের দুঃসময়ে রাজপথে রক্ত দেওয়া কর্মীদের এই ধরনের মূল্যায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, মানছুরার মতো সাহসী ও শিক্ষিত তরুণীদের সংসদে আসার মাধ্যমে বিএনপির ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনীতিতে এক নতুন মাত্রার যোগ হবে।