প্রচ্ছদ জাতীয় এনসিপির সংবাদ সম্মেলনে আসছে চমক, দলে যোগ দিতে পারেন যারা

এনসিপির সংবাদ সম্মেলনে আসছে চমক, দলে যোগ দিতে পারেন যারা

সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, এই সংবাদ সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন আপ বাংলাদেশের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।

শনিবার এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সদস্যসচিব ও মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা এসময় উপস্থিত থাকবেন।

জানা গেছে, এই সংবাদ সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিতে পারেন জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংগঠনটির মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন নেতা।

সূত্রে জানা গেছে, কয়েক দফা বৈঠক ও দীর্ঘ আলোচনার পর এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনায়েদ ও রাফেরা।

আপ বাংলাদেশের শীর্ষ তিন নেতার পাশাপাশি মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেনসহ আরও ২০ থেকে ৩০ জন নেতাকর্মী একই সঙ্গে এনসিপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

আরও জানা যায়, পরবর্তী ধাপে তৃণমূল পর্যায়ে এনসিপির সাংগঠনিক কাঠামো সম্প্রসারণ করে আপ বাংলাদেশের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হতে পারে।
সূত্র : news24bd