প্রচ্ছদ জাতীয় সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা

সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। বাকি ৭ সিটি কর্পোরেশনেও দ্রুতই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটির নেতারা।

দলীয় সূত্র বলছে, বাকি ৭ সিটিতে দলটির প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রার্থী চূড়ান্তে গুরুত্ব দেওয়া হচ্ছে দলের পরিসর বাড়ানোর বিষয়টি। ফলে কেন্দ্রীয় নেতা, আঞ্চলিক সংগঠক, তৃণমূলের কর্মী এবং পরিচিত মুখদের প্রার্থী করার পরিকল্পনা রয়েছে তাদের। এলক্ষ্যে সব সিটিতেই একাধিক ব্যক্তিকে বিবেচনায় রাখা হয়েছে।

বিবেচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে, এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম রংপুর সিটি কর্পোরেশনের জন্য আলোচনায় রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন তিনি।

চট্টগ্রামে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। সম্প্রতি চট্টগ্রামে মনজুর আলমের বাসায় যান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এরপর বিষয়টি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। মনজুর আলম ছাড়াও এই সিটিতে আলোচনায় আছেন যুগ্ম প্রধান সংগঠক জোবায়েরুল হাসান আরিফ। তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন।

খুলনা সিটি কর্পোরেশনেে যুগ্ম সদস্য সচিব ফারিদুল হক, বরিশালে কেন্দ্রীয় নেতা আসাদ বিন রনি, ময়মনসিংহে আশিকিন আলম, নারায়ণগঞ্জে জেলা সমন্বয়ক শওকত আলী বিবেচনায় রয়েছেন। গাজীপুরে আইনজীবী আলী নাসের খানের নাম আলোচনায় রয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন।

জানতে চাওয়া হলে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দল থেকে এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। অনেক নাম বিবেচনায় আছে, দ্রুতই সিদ্ধান্ত আসবে।

সারজিস আলমের প্রার্থী হওয়া নিয়ে জনাতে চাইলে তিনি বলেন, সারজিসের নাম রংপুরে স্থানীয় অনেকেই প্রস্তাব করেছে, তবে দল এখনও সিদ্ধান্ত নেয়নি। মনজুর আলমের বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান এনসিপির এই নেতা।

এরআগে ২৯ মার্চ এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ৫ সিটিতে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেে মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনেে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনেে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি কর্পোরেশনেে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সূত্র: The Daily Campus