
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বিরুদ্ধে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভকারীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এর আগে, পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় যায়। এসময় ক্ষুব্ধ কিছু নেতাকর্মী জাগপা দলীয় কার্যালয়ের টিনের বেড়া ভাঙচুর ও কার্যালয়ের ভেতরে চেয়ার, ফ্যানসহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে আবারও মিছিল নিয়ে চৌরঙ্গী মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা প্রধানমন্ত্রীর তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড় অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ বিষয়ে পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখনই জাগপা নেতা রাশেদ প্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছে। আমরা সারা দেশে লজ্জায় পড়ে গেছি। যে তার বাড়ি পঞ্চগড়ে। তিনি রাজনৈতিকভাবে একটি দলের বিরোধিতা করতেই পারেন, তবে তা হতে হবে নিয়মের মধ্য দিয়ে, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে দিয়ে। কিন্তু তিনি তা না করে কটূক্তি করে প্রধানমন্ত্রীর মানহানি করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে এর বিচার আমরা দাবি করছি। পঞ্চগড়ে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কুলাঙ্গার রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছে।’
জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, ‘আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের চেয়ার টেবিল টিভিসহ আসবাপত্র ভাঙচুর করা হয়েছে। তবে আমাদের কোনো নেতাকর্মীর ওপর তারা হামলা করেনি। তারা আমাদের ওপর হামলা করলে আমরা তাদের প্রতিহত করতাম।’
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।’













































