প্রচ্ছদ জাতীয় পানিতে ডুবে বাবর আজমের মৃত্যু

পানিতে ডুবে বাবর আজমের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে পানিতে ডুবে বাবর আজম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ঘরের পেছনের পুকুরে অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃতু হয়। বাবর আজম ওই গ্রামের শামীম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অলক্ষ্যে শিশুটি বসতঘরের পেছনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শিশুটির ফুফু মিম ঘরের পেছনের পুকুরে তার পরনের প্যান্ট ভাসতে দেখে সন্দেহ করেন। পরে চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে ডাকেন। লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”