
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রিংকু আক্তার। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ ঘোষণা দেন রিংকু আক্তার। ৮ মিনিট ৫৩ সেকেন্ডের ওই লাইভে তিনি জানান, আগামী রোববার আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন।
সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফেসবুক লাইভে রিংকু আক্তার বলেন, ‘আমি কখনো কারও ক্ষতি করিনি, বরং সবসময় মানুষের পাশে থাকতে চেয়েছি। আজ মনে হচ্ছে, এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। আমি কখনো এনসিপি করতে চাইনি। কারও প্রতি বিদ্বেষ থেকে নয়, নিজের মানসিক শান্তির জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে বৈষম্যবিরোধী সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।’
ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। রিংকু আক্তার বলেন, ‘বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আমি কখনো এনসিপি করতে চাইনি, কখনো করবও না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। আমি এনসিপির নেত্রী নই, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম।’
পারিবারিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসারজীবন রয়েছে এমন একজন নারী হিসেবে তথাকথিত নোংরা রাজনীতিতে জড়াতে আগ্রহী নন। তিনি বলেন, ‘আমি একজন মেয়ে, আমার সংসার আছে। আমি নোংরা রাজনীতিতে জড়াতে চাই না। আগামী রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসা রিংকু আক্তার সংগঠন ছাড়ার ঘোষণা দিলেও ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।











































