
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে সামাজিকমাধ্যম ‘এক্সে’ স্বয়ংক্রিয় অনুবাদে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ হওয়ায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ার কথা জানিয়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
আকাজাওয়া জানান, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। অথচ জাপানি ভাষায় দেওয়া তার মূল পোস্টে প্রধানমন্ত্রীর নাম সঠিকভাবেই উল্লেখ করা হয়েছিল।
গত ২৮ অক্টোবর জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন রিওসেই আকাজাওয়া। বৈঠকের ছবি সংযুক্ত করে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জাপানি ভাষায় একটি পোস্ট দেন তিনি। তবে এক্সের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে তারেক রহমানের নামের পরিবর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসে।
মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে তার মূল জাপানি পোস্টে সঠিক নাম উল্লেখ করা হলেও এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে বিদেশে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। ব্যক্তির নামের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও যে প্ল্যাটফর্মটির অনুবাদ ব্যবস্থায় নির্ভরযোগ্যভাবে পাওয়া যাচ্ছে না, তা নিয়ে মৌলিক পর্যালোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া শুক্রবার মন্ত্রিসভার বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান, এর আগে কুয়েতের এক মন্ত্রীর সঙ্গে অনলাইনে বৈঠকের বিষয়ে দেয়া পোস্টেও একই ধরনের ভুল হয়েছিল। এটি আসলে একটি গুরুতর বিষয়। এমনটা সম্ভব যে, বাংলাদেশের জনগণের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে যে, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কে সেটি জানেন না।
আকাজাওয়া বলেন, এ নিয়ে তিনবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। একই সঙ্গে এক্স কর্তৃপক্ষকে অনুবাদ ব্যবস্থার ত্রুটি সংশোধনের আহ্বান জানান।
জাপানি ভাষায় দেওয়া মূল পোস্টটি গুগল ট্রান্সলেট, চ্যাটজিপিটি ও জেমিনাইয়ে অনুবাদ করে দেখা গেছে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নামই উল্লেখ রয়েছে।








































