প্রচ্ছদ জাতীয় ফারজানার সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে যা জানালেন মাওলা রনি

ফারজানার সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে যা জানালেন মাওলা রনি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া ফারজানা আফরোজের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

তার দাবি, ফারজানা নিজেকে তার স্ত্রী দাবি করলেও তাদের মধ্যে তালাক কার্যকর হয়েছে। বিষয়টি তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা শুরু থেকেই জানতেন।

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি তার পোস্টে দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আমলে ফারজানা নিজেকে তার স্ত্রী দাবি করে প্রথমে তার অফিসে যান। এ সময় তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডাকেন। পরে ওই নারী তার বাসায় গেলে শাহবাগ থানায় অভিযোগ করেন। পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং কথিত কাবিননামার একটি অনুলিপি সংগ্রহ করে।

গোলাম মাওলা রনি বলেন, আইনজীবীদের পরামর্শে তিনি কাবিননামা অনুযায়ী তালাক দেন এবং দেনমোহরের ১০ লাখ টাকা পরিশোধ করেন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলাও করেন বলে দাবি করেন তিনি।

তালাকের নোটিশ দেওয়া ও অর্থ পরিশোধের পরও ওই নারীর পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করে তার কাছে বড় অঙ্কের অর্থ দাবি করা হয় বলে জানান রনি। তবে তিনি তাতে রাজি হননি। ওই নারীর সন্তানদের কথা বিবেচনা করে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেননি বলেও জানান সাবেক এই সংসদ সদস্য।

পোস্টে তিনি আরও দাবি করেন, ওই নারী ও ইউটিউবার ইলিয়াস তাকে হেয় করতে একটি ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেন। আরেক ইউটিউবার বনি আমিনকেও দীর্ঘ সাক্ষাৎকার দেন ওই নারী।

রনি প্রশ্ন তোলেন, এত দিন পর এনসিপির নেতারা কেন ওই নারীর প্রতি আগ্রহী হয়ে তার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছেন।

নিজের বক্তব্যের সমর্থনে ফেসবুক পোস্টের সঙ্গে শাহবাগ থানায় করা অভিযোগের একটি ছবিও যুক্ত করেন তিনি। রনি বলেন, জীবনের নানা পরিস্থিতি মোকাবিলা করলেও অন্যায়ের সঙ্গে আপস করেননি।

প্রসঙ্গত, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমে গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে ফারজানা আফরোজের এনসিপিতে যোগ দেওয়ার খবর প্রকাশিত হলে প্রতিবাদ জানান রনি। ওই দিন ফেসবুকে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে তিনি দাবি করেন, ফারজানা তার স্ত্রী নন।