প্রচ্ছদ হেড লাইন উড়োজাহাজ না পেলে হেঁটেই সীমান্ত পেরোতে চান শেখ হাসিনা

উড়োজাহাজ না পেলে হেঁটেই সীমান্ত পেরোতে চান শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশের সম্ভাব্য ৯টি পথ চিহ্নিত করেছেন দলটির সমর্থকেরা। দিল্লি থেকে সরাসরি উড়োজাহাজের ব্যবস্থা না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও রাখা হয়েছে। প্রয়োজনে হেঁটে সীমান্ত অতিক্রমের কথাও ভাবছেন শেখ হাসিনা।সরকারি আদেশ দেখুন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন জানিয়েছেন, তার সমর্থকেরা ভারত-বাংলাদেশ সীমান্তে প্রবেশের জন্য ৯টি সম্ভাব্য পথ চিহ্নিত করেছেন। দুই দেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। আরিনের ভাষ্য, অত্যন্ত সতর্কতার সাথে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং বিষয়টিকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।

তবে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে বিচার শেষে দোষী সাব্যস্ত হওয়ায় তার মৃত্যুদণ্ড হয়েছে। সরকার জানিয়েছে, দেশে ফিরলে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হবে।মানচিত্র দেখুন

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে আনা সম্ভব।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। তবে তার স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ভিন্ন।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে অবস্থান করেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। তার সহযোগী আবু ওবায়দা আরিনের দাবি, গত ১৮ মাসে টেলিগ্রামে অডিও বৈঠকের মাধ্যমে ৩০০টির বেশি সভা করেছেন তিনি। সীমান্ত থেকে রাজধানী ঢাকা পর্যন্ত পাঁচ লাখ মানুষের সমাগম ঘটিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানানোর সক্ষমতাও আওয়ামী লীগের রয়েছে বলে দাবি করেছেন তিনি।

এ দিকে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ড বেড়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর পর্যন্ত দলটির সমর্থকেরা ৪০টি বিক্ষোভ এবং ১৪০টির বেশি দাঙ্গায় জড়িয়েছেন।

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, শেখ হাসিনার সর্বশেষ ঘোষণার মধ্য দিয়ে দিল্লির পরিবর্তে ঢাকার ওপর সিদ্ধান্ত নেওয়ার চাপ তৈরি হয়েছে। তার ধারণা, ডিসেম্বর মাসে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে।রাজনৈতিক খবর পড়ুন

বিশ্লেষকদের আশঙ্কা, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে। তবে ১৬ ডিসেম্বর তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি, ইন্ডিয়া টুডে