
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করা হয়েছে।
আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ৪ নভেম্বর (বুধবার) তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। দলটির একটি অনুষ্ঠানে তিনি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে অনেক কথা বলেছেন।
তার মধ্যে একটি লাইনে তিনি বলেছেন, এখানে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে।’ প্রসিকিউটর বলেন, এ ধরনের বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এসেছে। ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়েছেন। এ বিষয়ে ব্যাখ্যা দিতে ব্যারিস্টার ফুয়াদকে আগামী ৪ নভেম্বর সশরীরে ট্রাইব্যুনালে হাজির হওয়ার দিন ধার্য করেছেন।








































