
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার কথিত বান্ধবী জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রমতে, গণমাধ্যমে নাম প্রকাশ হওয়ার পর থেকে দিশা আত্মগোপনে ছিলেন। মরদেহ উদ্ধারের আগে দিশা তাহসিফ সৌরির বাসার ঠিক উল্টো পাশে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঘটনার পর থেকেই দিশা রাজধানীর বিভিন্ন এলাকায় ছোটাছুটি করেন। শনিবার রাতে তার খালার বাসায় এসে একজনকে জানান, নিরাপদে আছেন। পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান পায় এবং রাতে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ঘটনার রাতে একটি সিসিটিভি ফুটেজে উত্তরার একটি রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় তাহসিফ, দীপ ও দীশা নামের ওই তরুণীকে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ওই রেস্টুরেন্টে পৌঁছান তাহসিফ, দীপ ও ওই তরুণী। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় ক্যামেরায়।
রেস্টুরেন্টের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই তরুণী লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তারা।
রেস্টুরেন্ট থেকে তারা তিনজন কোথায় গেলেন সেই তথ্য হন্যে হয়ে খুঁজছে তদন্তকারী দল।









































