প্রচ্ছদ জাতীয় রাশেদ খান ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন

রাশেদ খান ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ‘ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী’ ছিলেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।

পোস্টে তিনি বলেন, রাশেদ খান একসময় ঢাবির সূর্যসেন হল ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন। ডাকসু নির্বাচনে জিএস পদে দাঁড়ানোর পর শিবির তাঁকে আরেকজনের জন্য সরে দাঁড়াতে বললে তিনি সংগঠন ছেড়ে দেন। এরপর তিনি হয়ে ওঠেন মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ। (সাবেক শিবিরদের এই সিন্ড্রম নতুন কিছু না)

একটি ঘটনা বললে পরিষ্কার হবে জানিয়ে তারেক রেজা বলেন, যেদিন ভোরে আবরার ফাহাদ হত্যার খবর জানাজানি হয়, সেদিন ঢাবি ছাত্র অধিকারের নেতারা রাশেদ খান ও নুরুল হক নুরকে ফোন করে কর্মসূচি দেওয়ার কথা জানান। নুর ভাই কিছুটা সন্দিহান ছিলেন, তবে খোঁজখবর নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেন। অন্যদিকে রাশেদ খান আপত্তি জানান। তার আশঙ্কা ছিল, আবরার শিবির হতে পারেন, আর সেক্ষেত্রে তার জন্য কর্মসূচি দিলে ক্ষতি হবে। (শিবির পরিচয় লুকানোর চেষ্টা)

পোস্টে এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, রাশেদ খানের পরামর্শ না মেনে কর্মসূচি ঘোষণা করা হলে তিনি এক নেতাকে ফোন করে বলেন, ‘কথা না শুনলে তোমাদের ছাত্র অধিকার পরিষদ করার প্রয়োজন নেই, কাল থেকে আমাদের সাথে আসবা না।’

অথচ, কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সেই রাশেদ খানই শেষ পর্যন্ত এসে উপস্থিত হন বলেও উল্লেখ করেন তিনি পোস্টে।