
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে পতিত শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।
পতিত শক্তির তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে তাদের কোনো ধরনের অপতৎপরতা সরকার বরদাশত করবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার কথা জানতে পেরেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে।
পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, পাহাড়ে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনাগুলোর বিষয়ে সেনাবাহিনী সতর্ক রয়েছে এবং যথাযথ ব্যবস্থা নিয়েছে। সেখানে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক নেতা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।









































