প্রচ্ছদ জাতীয় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে দলটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি নেওয়া হয়েছে। দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে।

রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতে মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা, সারা দেশে বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্ত করার কর্মসূচি রয়েছে।

রিজভী জানান, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন ইউনিট নিজ নিজ উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঢাকার রমনা রেস্তোরাঁয় তিনি দলটি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এর আগে জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) ও জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন। বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাগদল, মশিউর রহমান যাদু মিয়ার নেতৃত্বাধীন ন্যাপ, আবদুল হালিম ও আকবর হোসেনের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টি, আবদুল মতিনের নেতৃত্বাধীন লেবার পার্টি এবং শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ বিলীন হয়ে বিএনপিতে যুক্ত হয়।

জিয়াউর রহমানের পর বিএনপির নেতৃত্ব দেন খালেদা জিয়া। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন তারেক রহমান।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশ করেছে। বিভিন্ন দৈনিক পত্রিকায় এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশেরও উদ্যোগ নেওয়া হয়েছে।