প্রচ্ছদ জাতীয় একই ফ্লাইট নম্বরে আকাশে দুই বিমান,বড় দুর্ঘটনা থেকে যেভাবে রক্ষা পেলেন

একই ফ্লাইট নম্বরে আকাশে দুই বিমান,বড় দুর্ঘটনা থেকে যেভাবে রক্ষা পেলেন

ঢাকা ১৬ আগস্ট ২০২৬সকাল ০৮:৩৯:৫২

সারাবিশ্ব
একই ফ্লাইট নম্বরে আকাশে দুই বিমান,বড় দুর্ঘটনা থেকে যেভাবে রক্ষা পেলেন
নিউজ ডেস্ক
আগস্ট ১৬, ২০২৬, ০৮:২৫ সকাল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় একই ফ্লাইট নম্বর ব্যবহার করে দুটি উড়োজাহাজ প্রায় একই সময়ে চলাচল করায় তৈরি হয়েছিল উদ্বেগজনক পরিস্থিতি। শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতের কিছু পর আমেরিকান এয়ারলাইনসের দুটি বিমান ২৪৮২ নম্বর ফ্লাইট হিসেবে আকাশে থাকায় বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দ্রুত ও দক্ষ পদক্ষেপে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনার সময় একটি বিমান শিকাগো থেকে ফিনিক্সে অবতরণের জন্য এগিয়ে আসছিল। অন্যটি ফিনিক্স থেকে শিকাগোর উদ্দেশে উড্ডয়ন করেছিল। আবহাওয়াজনিত কারণে শিকাগো থেকে আসা বিমানটির যাত্রা বিলম্বিত হওয়ায় দুই উড়োজাহাজ প্রায় একই সময়ে ফিনিক্সের আকাশসীমায় প্রবেশ করে।

পরিস্থিতি বুঝতে পেরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার রেডিওতে দুই বিমানকে আলাদাভাবে নির্দেশনা দিতে শুরু করেন। পরিচয় স্পষ্ট করতে একটি বিমানকে ‘অ্যামেরিকান ২৪৮২ অন দ্য অ্যারাইভাল’ এবং অন্যটিকে ‘অ্যামেরিকান ২৪৮২ অন দ্য ডিপার্চার’ হিসেবে সম্বোধন করা হয়। এতে পাইলটরা বুঝতে পারেন কোন নির্দেশনা কোন বিমানের জন্য প্রযোজ্য।

নিরাপত্তা নিশ্চিত করতে অবতরণরত বিমানটিকে উড্ডয়নরত বিমানের তুলনায় নিরাপদ উচ্চতায় রাখা হয়। একই সঙ্গে ফিনিক্স থেকে উড্ডয়ন করা বিমানটিকে নির্দিষ্ট উচ্চতার বেশি না ওঠার নির্দেশ দেওয়া হয়। দুই বিমানের পাইলটকে পরস্পরের উড়োজাহাজ দেখতে পাওয়ার মতো অবস্থানও নিশ্চিত করা হয়।

পরবর্তীতে দুই বিমান নিরাপদ দূরত্ব বজায় রেখে একে অপরকে অতিক্রম করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অবতরণরত বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দক্ষতার প্রশংসা করেন। জবাবে কন্ট্রোলার জানান, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত, তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবে সামাল দেওয়া গেছে।

প্রায় ২৫ বছরের অভিজ্ঞ ওই কন্ট্রোলার জানিয়েছেন, একই কলসাইন ব্যবহার করা দুটি বিমানকে এভাবে কাছাকাছি অবস্থানে দেখার ঘটনা তার কর্মজীবনে আগে কখনো ঘটেনি। বিমান চলাচল বিশেষজ্ঞরাও ঘটনাটিকে অত্যন্ত বিরল বলে উল্লেখ করেছেন।

বিমান চলাচল বিশেষজ্ঞ স্টিভ অ্যারোইর ধারণা, সম্ভবত এয়ারলাইনসের ডিসপ্যাচ সেন্টারে কেউ বিষয়টি খেয়াল করেননি যে একই নম্বরের দুটি ফ্লাইট একই সময়ে আকাশে থাকবে। তার মতে, এ ধরনের ভুল কোনোভাবেই হওয়া উচিত নয়। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও পাইলটদের দ্রুত সিদ্ধান্ত এবং পেশাদারিত্বের কারণে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং আমেরিকান এয়ারলাইনস। এয়ারলাইনস জানিয়েছে, কন্ট্রোলার ও পাইলটদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণে দুই বিমানের মধ্যে প্রয়োজনীয় নিরাপদ দূরত্ব বজায় ছিল এবং কোনো দুর্ঘটনা ছাড়াই উভয় ফ্লাইট নিরাপদে চলাচল করেছে।

ঘটনাটি বিমান চলাচলে একই সময়ে একই কলসাইন ব্যবহারের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি নতুন করে সামনে এনেছে। কন্ট্রোলারের নির্দেশনা নিয়ে সামান্য বিভ্রান্তিও কীভাবে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে, ফিনিক্সের এই ঘটনা তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

এই বিভাগের আরও খবর

হ্রদে ৫ ঘণ্টা ভাসলেন ব্যক্তি, টেনে তুলতেই চক্ষু চড়কগাছ পুলিশে!
৯ ঘন্টা আগে

ভারতে ৩০০ ফুট খাদে যাত্রীবাহী গাড়ি, ৫ শ্রমিক নিহত
১০ ঘন্টা আগে

উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধ শেষ করতে চায় দক্ষিণ কোরিয়া
১০ ঘন্টা আগে

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পকে ইরানের কড়া হুঁশিয়ারি
১১ ঘন্টা আগে

ইরানে হামলা চালানোর জন্য ক্ষমা চাইবেন কি না, জানালেন ট্রাম্প
১৮ ঘন্টা আগে

হরমুজ প্রণালি নিয়ে বড় ঘোষণা দিলেন ট্রাম্প
২০ ঘন্টা আগে
স্বত্ব: বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম