প্রচ্ছদ জাতীয় দেশজুড়ে ইন্টারনেটে ধীরগতি, জানা গেল কারণ

দেশজুড়ে ইন্টারনেটে ধীরগতি, জানা গেল কারণ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটের গতি কমে যায়। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-ডব্লিউই-৫-এর সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ইন্টারনেট ব্যবহারকারীদের একটি অংশ।

বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সি-মি-ডব্লিউই-৫-এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগই বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ২টার দিকে সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়।

বিএসসিপিএলসি সূত্রে জানা গেছে, কেবলটি বিচ্ছিন্ন থাকার সময়ে বিকল্প ব্যবস্থায় আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ অব্যাহত ছিল। তবে এর মধ্যেও দেশের কিছু এলাকায় ইন্টারনেটের গতি স্বাভাবিকের তুলনায় কমে যায়। সংযোগ সচল হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাতারায় থাকা এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট কোনো সরঞ্জামে কারিগরি ত্রুটির কারণে এই সমস্যা হয়ে থাকতে পারে। তবে ঠিক কোথায় এবং কী কারণে ত্রুটি দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

বিএসসিপিএলসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে কেবলটির সংযোগ বন্ধ ছিল। বর্তমানে সংযোগ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। ফলে ইন্টারনেট সেবায় বড় ধরনের কোনো প্রভাবও এখন নেই।