
আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ধর্মীয় মর্যাদায় দিনটি পালিত হবে। এ উপলক্ষে দিনটিতে সরকারি ছুটি থাকবে।
বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে শুক্রবার (১৪ আগস্ট)। এ হিসেবে পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হয়েছে রবিউল আউয়াল মাসের গণনা। সে অনুযায়ী ১২ রবিউল আউয়াল পড়েছে ২৬ আগস্ট।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগস্ট ছুটি নির্ধারণ করা হয়েছিল। চাঁদ দেখার ওপর ইসলামী তারিখ নির্ধারিত হওয়ায় ছুটির তারিখ পরিবর্তনের সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় পূর্বনির্ধারিত ২৬ আগস্টের ছুটিই বহাল রয়েছে।
সরকারি ছুটির কারণে ওই দিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও প্রয়োজনীয় কিছু প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, ওয়াজ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
এ ছাড়া বিভিন্ন স্থানে তবারক বিতরণ এবং অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণসহ সামাজিক ও ধর্মীয় কর্মসূচি আয়োজন হয়।
সূত্র : কালবেলা












































