
নীলফামারীর কিশোরগঞ্জে টেন্ডারে কাজ না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তার সাথে অসদাচরণের ঘটনায় বহিষ্কৃত উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে পাঁচ মাস পর পুনরায় স্বপদে বহাল করেছে দলটি। এর আগে ১২ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কার করেন।
পরে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।
শুক্রবার রাতে কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে দল বহিষ্কার করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে নাম ও পদবী ভুল থাকায় শুক্রবার পুনরায় সংশোধিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা সংশোধন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃংখলা ভঙ্গ এবং দলের নীতি ও আর্দশ পরিপন্থী কার্যকলাপের জন্য কিশোরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য যে, ১২ মার্চ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের নীতি, আর্দশ ও সংহতি পরিপন্থী নানা আচরণের কারণে সৈয়দপুর রাজনৈতিক জেলার আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছিল।













































