প্রচ্ছদ জাতীয় ৯ দিন লড়াই করে হেরে গেলেন গুলিবিদ্ধ ছাত্রদল নেতা

৯ দিন লড়াই করে হেরে গেলেন গুলিবিদ্ধ ছাত্রদল নেতা

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আহত ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম ৯ দিন পর মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইব্রাহিম আল মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

এর আগে গত ১ আগস্ট রাতে ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা ফকিরবাড়ির এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলা ও গুলিতে আহত হন ছাত্রদল নেতা ইব্রাহিম। এ ছাড়াও গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকির বাড়ি এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানির সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরও কয়েকজন।

৯ দিন লড়াই করে হেরে গেলেন গুলিবিদ্ধ ছাত্রদল নেতা
এসএসসির ফল আশানুরূপ না হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু
এ সময় পূর্ব শত্রুতার জেরে বিজয়, সবজু, ইকবাল ও সানি দলবলসহ তাদের ওপর হামলা করে। এ ঘটনায় ছাত্রদল নেতা মাসুম পেটে গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কুপে গুরুতর আহত হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও ১০ জন।

পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আহত মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় ছাত্রদল নেতা মাসুমের বোনজামাই হাসান মো. মহসিন বাদি হয়ে গত ৪ আগস্ট পলাশ থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।