
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে হাবিবুর রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২০ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।
গ্রেপ্তার হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় উত্তেজিত কয়েকজন তাকে মারধর করেন।
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার দেখিয়ে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









































