প্রচ্ছদ জাতীয় জামিন পেলেন সালমান এফ রহমান

জামিন পেলেন সালমান এফ রহমান

১১২ কোটি টাকার চেক ডিজঅনার (অর্থ পরিশোধে ব্যর্থতা) মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। আদালত তাকে এক হাজার টাকার মুচলেকায় জামিন প্রদান করেন।

সালমান এফ রহমানের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলাটি দায়েরের পর গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এ মামলার অন্য আসামিরা এরই মধ্যে জামিন পেয়েছেন।

গত ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক)-এর পক্ষে উজ্জ্বল মণ্ডল মামলাটি দায়ের করেন।

মামলায় ১০ জন ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন— আহমেদ সায়ান ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মণ্ডল, মো. লুৎফুর রহমান, মোসা. মাশকুরা খানম, মো. সাইফুর রহমান, আবু নাঈম মোহাম্মদ সালেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং এএসএফ রহমান।

এছাড়া মামলায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো— বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড, এসসিএপি হোল্ডিং লিমিটেড, এসএফআর হোল্ডিং লিমিটেড, এএসআর হোল্ডিং লিমিটেড এবং বেক্সিমকো হোল্ডিং লিমিটেড।

মামলার এজাহারে বলা হয়, ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক দেওয়া হয়। গত ১৯ নভেম্বর ২০২৫ চেকটি এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের করপোরেট শাখায় জমা দিলে একই দিন ‘অপর্যাপ্ত তহবিল’ (Insufficient Funds) উল্লেখ করে তা ফেরত আসে।

পরে ২৬ নভেম্বর হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১-এর ১৩৮ ও ১৪০ ধারা অনুযায়ী নিবন্ধিত ডাকযোগে ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধের জন্য আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় ব্যাংক চেক ডিজঅনারের অভিযোগে মামলাটি দায়ের করে।