
যশোর আদালত চত্বরে প্রেমিকার সিথিতে প্রকাশ্যে সিঁদুর দিয়েছে প্রেমিক। এতে প্রেমিকা ক্ষুব্ধ হলে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পুরাতন জজ আদালত চত্বরে এ ঘটনাটি ঘটে। তরুণীর বাড়ি মাগুরার শালিখায় ও প্রেমিকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নাড়িকেলবাড়িয়া গ্রামে।
পুলিশ সূত্র জানা গেছে, প্রায় নয় বছর ধরে তাদের মধ্যে প্রেমের ম্পর্ক রয়েছে। বিকেলে তারা পুরাতন পরিত্যক্ত জজ আদালত ভবনের সামনে অবস্থান করছিলেন। এ সময় পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে যুবক তার সঙ্গে থাকা একটি পলিথিন থেকে সিঁদুর বের করে হঠাৎ করেই তরুণীর কপালে পরিয়ে দেন। এতে তরুণী ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়। Time & Calendars
ঘটনাটি দেখে উপস্থিত লোকজন জড়ো হন। পরে এক আইনজীবী বিষয়টি কোর্ট ইন্সপেক্টরকে অবহিত করলে কোর্ট ইন্সপেক্টর ইমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর দুজনকে আদালতের জিআরও কক্ষে নেওয়া হয়। সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
কোর্ট ইন্সপেক্টর ইমদাদুল হক জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের আদালতের জিআরও কক্ষে নেওয়া হয়। পরে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, দুইজনই থানায় রয়েছে। তরুণীর পরিবার লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












































