প্রচ্ছদ জাতীয় অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে অমিত শাহের নতুন সিদ্ধান্ত, এতে যা আছে

অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে অমিত শাহের নতুন সিদ্ধান্ত, এতে যা আছে

ভারতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ, বৈধ বিদেশি নাগরিকদের নিবন্ধন, ভিসা এক্সটেনশন এবং আবাসিক পারমিট প্রদান সহজ করতে বড় পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৭ সালের মধ্যে দেশটির সব রাজ্যের রাজধানীতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) চালু করার নির্দেশ দিয়েছেন তিনি।

গত বুধবার (৮ জুলাই) ভারতের অভিবাসন ব্যবস্থা, বিমানবন্দরে যাত্রীদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করতে দেশের প্রধান প্রধান বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু এবং অমিত শাহ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা, অসামরিক বিমান পরিবহন সচিব, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) ডিরেক্টর, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং স্বরাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এফআরআরও নিয়ে এই নির্দেশ দেন।

বর্তমানে ভারতের ১২টি রাজধানী শহরে (দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, কোচি, অমৃতসর, গোয়া, কোঝিকোড়, তিরুবনন্তপুরম এবং লখনউ) ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস রয়েছে। এই মুহূর্তে নতুন করে এফআরআরও চালুর ঘোষণা সংশ্লিষ্টদের বিস্মিত করেছে।

মূলত ভারতে বাংলাদেশিসহ বিদেশি অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করানো বা তাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এফআরআরও। এবার প্রতিটি রাজ্যেই এই অফিস তৈরি করা হবে। এতে ডিপোর্টেশন বা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

ওই বৈঠক সংক্রান্ত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগরতলা এবং জেওয়ার (নয়ডা) বিমানবন্দরে অনুমোদিত অভিবাসন চেক পয়েন্টগুলোও দ্রুত চালু করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ।

সূত্র : চ্যানেল 24