প্রচ্ছদ জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু তিনি নন; তিনি বিএনপির একজন কর্মী। তবে বগুড়ার মানুষ হিসেবে তারেক রহমানের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। তাই বিষয়টি নিয়ে অতিরঞ্জিত কিছু না বলার অনুরোধ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়াকে উন্নয়নের উদাহরণ বানাতে চাইনি। বগুড়া দীর্ঘদিন বঞ্চিত ছিল। চীন থেকে আনা জঙ্গিবিমান এবং তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে (জয়েন্ট ভেঞ্চার) ড্রোন শিল্প গড়ে তোলা হবে বগুড়ায়। উন্নয়ন চাওয়া বগুড়াবাসীর জন্য কী অপরাধ হবে?

তিনি আরও জানান, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া ঢাকা মহানগরে ডেঙ্গু নিয়ন্ত্রণ, লেক সংরক্ষণ এবং নগরের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের বিস্তারিত পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।সূত্র : বাংলা ভিশন