প্রচ্ছদ জাতীয় ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় দেশই আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক যে অবস্থার মধ্য দিয়ে গেছে, এখন সেখান থেকে বেরিয়ে এসে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির পরিবেশ তৈরি হচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সীমান্তে ‘পুশইন’ ইস্যু প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তাঁর ভাষ্য, বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক রাজনীতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়গুলো এ ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে তিনি উল্লেখ করেন। তবে সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও ভুয়া প্রচারণার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাহেদ উর রহমান বলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, এমনকি গণমাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ডও তৈরি করা হচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নিতে যাচ্ছে। এ লক্ষ্যে একটি আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, এটি দলীয় নয়, নির্দলীয় নির্বাচন হওয়ায় ব্যক্তি পরিচয়ে যে কেউ অংশ নিতে পারবেন। আওয়ামী লীগের কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিলে সরকার আপত্তি করবে না, কারণ সেখানে দলীয় পরিচয় বা পদ-পদবি ব্যবহারের সুযোগ থাকবে না।

শিক্ষা খাতে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ অনার্স পর্যায় থেকে তুলে দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব বিভাগ অনার্স পর্যায়ে বহাল থাকবে। তবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই কাঠামোয় বিভাগগুলো পরিচালিত হবে কি না, সে বিষয়ে পর্যালোচনা চলছে। এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ ছাড়া দেশের বিশ্ববিদ্যালয় ও বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।

সূত্র : ইত্তেফাক