প্রচ্ছদ আন্তর্জাতিক অবৈধ বাংলাদেশিদের নিয়ে নতুন করে যে বার্তা দিলো ভারত

অবৈধ বাংলাদেশিদের নিয়ে নতুন করে যে বার্তা দিলো ভারত

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল

বাংলাদেশ অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করবে বলে আশা করছে ভারত। অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে এগিয়ে নেয়ার স্বার্থে এমনটি করা জরুরি বলে মনে করে দেশটি।

শুক্রবার (৫ জুন) দিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এই ব্যক্তিদের (অবৈধ অভিবাসী) প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা বিদ্যমান। আমরা এসব বিষয় বাংলাদেশের কাছে পাঠাই, যাতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করতে পারে। আর একবার তা যাচাই হয়ে গেলে আমরা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাই।’

তিনি বলেন, বাংলাদেশের কাছে এমন বেশকিছু আবেদন পাঠানো হয়েছে। আমরা আশা করি সেগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা হবে, যাতে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।’

বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এসব কথা বলেন।

জয়সওয়াল বলেন, ‘ভারতে অবস্থানরত সকল বিদেশি নাগরিকের ক্ষেত্রে, তারা বাংলাদেশি হোক বা অন্য যে কোনো দেশের নাগরিক হোক, তাদের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আমাদের আইন রয়েছে। সেই আইন অনুযায়ীই তাদের সঙ্গে আচরণ করা হবে।’

যদিও গত মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কোনও ব্যক্তি যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হন এবং অন্য দেশে অবস্থান করেন, তাহলে সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে তালিকা পাঠিয়ে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক ও আইনগত নিয়ম মেনে প্রত্যাবাসনের ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমানে এ ধরনের কোনও আনুষ্ঠানিক আবেদন সরকারের কাছে ঝুলে নেই বলেও জানান তিনি।

সূত্র: চ্যানেল 24