
ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে তাসনিম জারা লিখেছেন, একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ‘তানসিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিল’। আরো দাবি করছেন, ‘জারা চ্যানেল করে বিএনপির সঙ্গে। বিএনপি তাকে গ্রিন সিগন্যাল দেয়।’
কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি জানিয়ে তাসনিম জারা বলেন, ‘আমি বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে কখনো এমন কোনো আলোচনা করিনি।
যারা এই মিথ্যা ছড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন করুন- কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন’ হলো? কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না।
তিনি লেখেন, ‘এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে, নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?’













































