
কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়া কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় একদিনের অনুসন্ধান শেষে শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে নদীর কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করেন ডুবুরিরা।
নিহত শিক্ষার্থীর নাম শিহাব হোসেইন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে এবং চট্টগ্রাম নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিহাব বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুরতে যান। পরে সাঁতার কাটতে গিয়ে নদীর প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
ঘটনার পরপরই খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও সন্ধান না পাওয়ায় পরে চাঁদপুর থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও ডুবুরিরা যৌথভাবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালান, কিন্তু কোনো খোঁজ মেলেনি।
পরবর্তীতে রাতের জন্য অভিযান স্থগিত রাখা হয়। শনিবার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু হলে সকাল সাড়ে ৭টার দিকে কচুরিপানার নিচ থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের মতে, নদীতে প্রবল স্রোত থাকায় এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











































