প্রচ্ছদ জাতীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকে হ’ত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হ’ত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত মেহেদী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যার অন্যতম অভিযুক্ত।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ২৬ নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান (৩২) তার তিন বছরের মেয়েকে স্থানীয় মুজিব মার্কেট থেকে জুতা কিনে দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিঘারকান্দা এলাকায় দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। পরে ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের পুলিশের আশ্বাসে রাত দেড়টার দিকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।

পরে সুরুজ্জানের মরদেহ নিয়ে বাড়িতে গেল উত্তেজিত জনতা হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে পরিচিত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর ও হামলা চালায়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী আটক করে গণপিটুনি দেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম গণপিটুনিতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।