প্রচ্ছদ জাতীয় আ.লীগের মতো বিএনপিও পুলিশকে ব্যবহার করতে চাইছে: হাসনাত

আ.লীগের মতো বিএনপিও পুলিশকে ব্যবহার করতে চাইছে: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগের পথ অনুসরণ করছে এবং পুলিশকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে।

সোমবার (২৫ মে) ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং জেলা আদালতের বিভিন্ন সিদ্ধান্ত ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার ভাষায়, “কে জামিন পাবে, কী রায় হবে—সব কিছু রিমোট কন্ট্রোলের মতো পরিচালিত হচ্ছে।”

গত শুক্রবার ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনার পর এনসিপি ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়। ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ তিনজনকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে সোমবারের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন শেষে এনসিপি নেতাকর্মীরা পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, মুখ্য সমন্বয়ক রিফাত রশিদসহ অন্য নেতারা।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম পুলিশ জনগণের বাহিনীতে পরিণত হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকাশ্যে সরকারের সমর্থকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, সরকার বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “আওয়ামী লীগ যেভাবে জনরোষের মুখে বিদায় নিয়েছে, বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে, তাহলে জনগণ তা মেনে নেবে না।”

এছাড়া তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘাতের সুযোগে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় গতকাল রোববার গ্রেপ্তার হন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। সোমবার (২৫ মে) সকাল ১০টায় তিনি জামিন পান।

আসামি পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। এর আগে গত শনিবার তারেক রেজাকে প্রধান আসামি করে এনসিপির ২২ নেতাকর্মীর নামে মামলা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির।