প্রচ্ছদ জাতীয় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, ৩ চিঠিতে ধন্যবাদ পেলেন ইউনুস

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, ৩ চিঠিতে ধন্যবাদ পেলেন ইউনুস

প্রধানমন্ত্রীর চাঁদপুর জেলা সফরে অর্পিত সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় ধন্যবাদ পেলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী।

চিঠিগুলো দিয়েছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

মোহা. ইউনুস আলী জানান, গত ১৬ মে প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ মেরামত, সংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, সেতু-কালভার্ট সৌন্দর্যবর্ধনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করায় ৩ পৃথক চিঠিতে ধন্যবাদ জানানো হয়েছে।

এছাড়াও চিঠিতে তার নিবিড় তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর সফরকালীন যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন হওয়ায় কৃতজ্ঞতা জানানো হয়।

মোহা. ইউনুস আলী আরও বলেন, ‘চিঠিতে বলা হয়— ভবিষ্যতেও আমি যেন রাষ্ট্র ও জনগণের কল্যাণে একইভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে কাজ করি। তারা আমার ও আমার পরিবারের সর্বাঙ্গীণ মঙ্গল, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।’

আর এ চিঠিগুলো পেয়ে নিজের কাছেও ভালো লাগছে উল্লেখ করে এ নির্বাহী প্রকৌশলী বলেন, ‘প্রকৃতপক্ষে এভাবেই যেন সবসময় ভালো কাজের মূল্যায়ন করা হয় সে প্রত্যাশাই রাখছি।’

এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরে সংশ্লিষ্ট কাজে ভালো দক্ষতা দেখানোর জন্য এ চিঠি দিয়েছি।