প্রচ্ছদ আর্ন্তজাতিক বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, শেষ পর্যন্ত কে এগিয়ে?

বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, শেষ পর্যন্ত কে এগিয়ে?

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সর্বশেষ ফলাফল অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৩০ আসনে আর তৃণমূল এগিয়ে ১২৫ আসনে।

আজ সোমবার (৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস দুইটি, সিপিএম একটি এবং অন্যান্যরা দুইটি আসনে এগিয়ে রয়েছে।

আজ সকাল সাড়ে ৮টায় ভোট গণনা শুরু হয়। স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যেতে পারে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।

নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস উভয়েই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়েছে। গত নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানে কলকাতা মহানগরীর ১১টি আসনের মধ্যে সাতটি আসনের ভোট গণনা করা হবে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে মোট ২৯৪টি আসনে। এরমধ্যে ভোট গণনা করা হবে ২৯৩টি আসনের। একটি আসনে (ফলতা) পুনরায় ভোটগ্রহণ করা হবে এ মাসেই।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোট হয়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট নেওয়া হয় ১৬ জেলার ১৫২ আসনে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট নেওয়া হয় কলকাতাসহ ৭টি জেলার ১৪২টি আসনে।

ফলাফল ঘোষণার আগে রাজ্যটির সব রাজনৈতিক দল নজর রাখছে ভোট গণনার দিকে। সব দলই নিশ্চিত করতে চাইছে যেন গাফিলতি না হয় গণনার সময় বা কোনো প্রক্রিয়ায় যেন বিঘ্ন না ঘটে।