
চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (০৩ মে) রাত ৮টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি ডিবির উপপুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ভেতরে বৈঠকরত অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এটি কোনো সাধারণ বৈঠক ছিল না, বরং একটি পরিকল্পিত গোপন সমাবেশ। যেখানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পুনর্গঠন প্রক্রিয়া এবং বিভিন্ন সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা চলছিল। দেশের বাইরে অবস্থানরত কয়েকজন নেতার সঙ্গে সমন্বয়ের বিষয়টিও আলোচনায় ছিল বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।
গ্রেপ্তারদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠকও রয়েছেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পরিকল্পনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সিএমপি সূত্রে জানা যায়, নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংগঠনটির কিছু সদস্য গোপনে সক্রিয় রয়েছে এবং সাম্প্রতিক সময়ে নগরের বিভিন্ন এলাকায় মিছিল ও তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত ২৫ এপ্রিল কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথকভাবে মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিং রোডেও অনুরূপ ঘটনা ঘটে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।












































