প্রচ্ছদ জাতীয় নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত রাখতে ইসিতে চিঠি

নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত রাখতে ইসিতে চিঠি

উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। রোববার ( ৩ মে ) দুপুরের দিকে এই চিঠিটি নির্বাচন কমিশনে পাঠানো হয়।

মনিরা শারমিন চিঠিতে জানান, রিটার্নিং কর্মকর্তার গত ২৩ ও ২৭ এপ্রিলের আপিল আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছেন।

মামলাটি আগামীকাল সোমবার ( ৪ মে ) হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত রয়েছে। এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে কমিশনকে অনুরোধ করেন তিনি।

মনিরা শারমিন তার চিঠিতে আরও উল্লেখ করেন, যেহেতু দল থেকে প্রথমে তাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল, সেহেতু হাইকোর্ট বিভাগের আদেশের জন্য নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত।

এদিকে, নির্বাচন কমিশন থেকে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশিত না হওয়ায় আজ তিনি সংরক্ষিত নারী আসনের অন্যান্য নবনির্বাচিত সদস্যদের সাথে শপথ নিতে পারেননি।