প্রচ্ছদ জাতীয় উচ্চতর স্কেল পাচ্ছেন যেসব কর্মচারী

উচ্চতর স্কেল পাচ্ছেন যেসব কর্মচারী

এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার মে মাসের এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এতে দীর্ঘদিনের অপেক্ষার পর বেতন কাঠামোয় এক ধাপ উন্নতির সুযোগ পাচ্ছেন এসব শিক্ষক-কর্মচারী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মোট ২ হাজার ১ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় এসেছেন। এর মধ্যে ১ হাজার ৭৮২ জন স্কুল পর্যায়ের এবং ২১৯ জন কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারী রয়েছেন। সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এছাড়া বিভিন্ন আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা সভায় অংশ নেন।

আঞ্চলিক বণ্টনে দেখা যায়, স্কুল পর্যায়ে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন রাজশাহী অঞ্চলের ২৮০ জন শিক্ষক-কর্মচারী। এরপর ময়মনসিংহের ২৬০ জন, খুলনার ২৫৩ জন, বরিশালের ২৩৬ জন, রংপুরের ২১৩ জন এবং ঢাকার ১৯৪ জন এই তালিকায় রয়েছেন। চট্টগ্রামে ১৫৮ জন, কুমিল্লায় ১২৮ জন এবং সিলেটে ৬০ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন।

কলেজ পর্যায়েও রাজশাহী অঞ্চল শীর্ষে রয়েছে, যেখানে ৬৩ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধা পাচ্ছেন। এছাড়া খুলনার ৩৭ জন, কুমিল্লার ২৭ জন, ঢাকার ২৬ জন এবং ময়মনসিংহের ২৩ জন এই তালিকায় রয়েছেন। বরিশালের ১৭ জন, রংপুরের ১২ জন এবং চট্টগ্রাম ও সিলেটের ৭ জন করে শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন।

মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি মাসেই এমপিও কমিটির সভায় যোগ্য আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে এ ধরনের আর্থিক সুবিধা অনুমোদন করা হয়। মে মাসের সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্চতর গ্রেড কার্যক্রম পর্যায়ক্রমে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।