প্রচ্ছদ জাতীয় যে কারণে নুসরাতকে এমপি না করার আবেদন করলেন মনিরা

যে কারণে নুসরাতকে এমপি না করার আবেদন করলেন মনিরা

সংরক্ষিত নারী সংসদ সদস্য নিয়ে দ্বিধাদ্বন্দ যেন কাটছেই না জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার আবেদন জানানো হয়েছে। রবিবার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক চিঠিতে এই আবেদন জানিয়েছেন দলটির আরেক নেত্রী মনিরা শারমিন।

মনিরা শারমিন রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করেন, তার দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি বর্তমানে হাইকোর্টে প্রক্রিয়াধীন। আদালতের সিদ্ধান্ত আসার আগে নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হলে তিনি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন।

আগামী ৪ মে এই রিটের শুনানির দিন নির্ধারিত রয়েছে। তাই বিচারবিভাগীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনকে (ইসি) গেজেট প্রকাশ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর মনিরা শারমিনের মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয়। পরবর্তীতে আপিলেও তা খারিজ হয়ে গেলে তিনি আদালতের দ্বারস্থ হন। অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ না করা হলেও আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয় এবং বর্তমানে তিনি বৈধ প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন।

ইসি সূত্র জানিয়েছে, মনিরা শারমিনের রিটের রায়ের ওপর ভিত্তি করেই এই আসনের ভাগ্য নির্ধারিত হবে। আদালত যদি তার পক্ষে রায় দেন, তবে ওই আসনে ভোটগ্রহণের প্রয়োজন হতে পারে। আর রিট খারিজ হয়ে গেলে নুসরাত তাবাসসুমই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত গেজেটভুক্ত হবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মোট ৫০টি পদের মধ্যে ৪৯ জন প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এই একটি আসন নিয়ে আইনি জটিলতা রয়ে গেছে।