প্রচ্ছদ হেড লাইন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদকের কুপিয়ে জখম

জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদকের কুপিয়ে জখম

সিলেটে কথাকাটাকাটির জেরে এক ছাত্রদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তারই সহকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) রাতে নগরীর উপশহর এলাকায় এ ঘটনা ঘটেছে।আহত মোফাজ্জল চৌধুরী মুর্শেদ সিলেট জেলা ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক।স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপশহর এলাকায় মোফাজ্জলের সঙ্গে তার তিন বন্ধু নজরুল ইসলাম, সুবেল আহমদ ও বাহার আহমদের মধ্যে একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে ছাত্রদলের এক নেতার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়েছিল। তবে রোববার বিকেলে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে মোফাজ্জল খাবার (সিঙ্গারা ও কোমল পানীয়) নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে যান। এরপর পুনরায় কথাকাটাকাটির এক পর্যায়ে তিন বন্ধু মিলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার কালবেলাকে বলেন, কথা কাটাকাটির জের ধরে ছাত্রদল নেতা মুর্শেদকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করেছে তার বন্ধুরা। হামলার বিষয়ে আইনগত ব্যবস্থা ভুক্তভোগীর পরিবার নিচ্ছে, এতে ছাত্রদল সহযোগিতা করছে। আহত মোফাজ্জল বর্তমানে ভালো আছেন।

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম কালবেলাকে বলেন, ঘটনায় জড়িত দুপক্ষই ছাত্রদলের। তাদের মধ্যে পূর্বের ব্যক্তিগত বিরোধ থেকেই মুর্শেদের ওপর হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।