প্রচ্ছদ জাতীয় এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা, রাজনীতিতে নতুন সমীকরণ

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা, রাজনীতিতে নতুন সমীকরণ

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যপদ গ্রহণ করেছেন বিএনপি বহিষ্কৃত নেতা ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জনপ্রিয় সামাজিক কর্মী মহিউদ্দিন রনি, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাসিরউদ্দিন পাটোয়ারী, সারজিস আলমসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

দলীয় সূত্র জানায়, ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে দলটির। এ লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন বলে জানা গেছে।

ইসহাক সরকার ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি তিন শতাধিক মামলার আসামি হয়েছিলেন। পরবর্তী সময়ে বেশ কয়েকটি মামলায় আদালত থেকে তিনি খালাস পান।

সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইসহাক সরকার। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন মহিউদ্দিন রনি। তিনি রেলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। অন্যদিকে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার জনপ্রিয় সামাজিক সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে পরিচিত মুখ।

এনসিপির নেতারা মনে করছেন, বিভিন্ন পেশা ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত এই নতুন মুখদের যুক্ত হওয়া দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করবে।

সূত্র : কালের কণ্ঠ