প্রচ্ছদ জাতীয় সীমান্তে বিজিবি-বিএসএফের পাল্টাপাল্টি গু’লিবর্ষণ

সীমান্তে বিজিবি-বিএসএফের পাল্টাপাল্টি গু’লিবর্ষণ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশি এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর স্থানীয়দের নিরাপত্তার কথা বিবেচনা করে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে জীবননগর উপজেলার মেদিনিপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় জীবননগর উপজেলার হরিহারনগর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামসহ সাতজন সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা গুলি ও রাবার বুলেট ছোড়েন।

এ সময় মনিরুলের সঙ্গে থাকা অন্য ছয়জন পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। তবে মনিরুল আর ফিরে আসেননি। পরে বিএসএফের গুলিতে তিনি আহত হয়েছেন বলে স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে।

বিজিবি সূত্র জানায়, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা ওই বাংলাদেশি যুবককে লক্ষ্য করে গুলি চালান।

এ ঘটনার পর বিজিবির মেদিনিপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গ্রামবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে বিজিবি সদস্যরা পাল্টা গুলিবর্ষণ করেন।

ঘটনার পর দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা নিরসনে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।