প্রচ্ছদ জাতীয় শেখ হাসিনার পালানোর তথ্য জানা যেত না তাহসিফের ভিডিও ছাড়া

শেখ হাসিনার পালানোর তথ্য জানা যেত না তাহসিফের ভিডিও ছাড়া

‘তাহসিফ ভিডিও না করলে’ অজানা থাকত শেখ হাসিনা কীভাবে ‘পালিয়ে গেছেন’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশাকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।

শুনানিকালে রিমান্ডের সপক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য সাহসের সঙ্গে ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছিলেন তাহসিফ। তিনি এই দৃশ্য ধারণ না করলে শেখ হাসিনা কীভাবে দেশ ছেড়েছিলেন তা অজানা এবং রহস্যঘেরা থেকে যেত।

তিনি আরও বলেন, এ ভিডিও ফাঁসের জেরে কোনো ষড়যন্ত্রমূলক প্রতিহিংসার শিকার হয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কি না, নাকি এর পেছনে কোনো প্রেমঘটিত কারণ রয়েছে—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া তাহসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগের রাতে তাহসিফ এ মামলার দুই আসামি দিশা ও দ্বীপের সঙ্গেই ছিলেন। ওই রাতে দিশাকে নিয়ে তাহসিফ ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’ ও ‘সিপি ফাইভ স্টার’ রেস্তোরাঁয় যান এবং একসঙ্গে সময় কাটান।

‘হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেফতার করে প্রথম দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল’ উল্লেখ করে তিনি আরও বলেন, আসামি এখনো অনেক তথ্য গোপন করছেন দাবি করে ঘটনার রহস্য উন্মোচনে দিশাকে আরও সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জোর আবেদন জানাচ্ছি।