
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই নেতার মাথা ফেটে গেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই নেতা হলেন কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রবিউল আলম রবি এবং কোনাবাড়ী থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন হিমু। তাঁরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়া ওয়ার্ড বিএনপির সহসভাপতি বুলবুল আহমেদসহ অন্তত তিনজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাঁদের কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত রবিউল আলম রবি জানান, সকাল ৯টার দিকে কোনাবাড়ী বিসিকের ১ নম্বর গেটের পাশে বিএনপির কয়েকজন নেতা অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ আন্দোলনকারীরা এসে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ইটের আঘাতে তাঁর মাথা ফেটে যায়। একই সময় সাহাবউদ্দিন হিমুর মাথায়ও আঘাত করা হয়।
রবি আরও অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনে শ্রমিক নেতাদের দেখা যায়নি। অন্য কোনো দলের ইন্ধনে কোনো অপশক্তি তাঁদের ওপর হামলা চালিয়েছে বলে তিনি মনে করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের বিচার এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় বিএনপির কয়েকজন নেতা অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর শ্রমিক আন্দোলনে অংশ নেওয়া দুই থেকে তিন শ লোক সেখানে এসে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে রবিউল আলম রবি ও সাহাবউদ্দিন হিমুর মাথা ফেটে যায়। এ সময় বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাবেক সভাপতি রবিউল আলম রবি, সহসভাপতি মালেক শিকদার, আকবর আলী, হযরত আলী, আব্দুল বারেক সরকার এবং যুবদল নেতা ফয়সাল সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।









































